লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা
- আপডেট সময় : ০৩:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ভোলার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক গর্ভবতী নারীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে তারা দ্রুত পদক্ষেপ নেয়।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুরে এক ব্যক্তি তার অসুস্থ গর্ভবতী স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য 'এম ভি দোয়েল পাখি-১০' লঞ্চে করে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। রাত সাড়ে ৭টার দিকে লঞ্চটি মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই নারীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এমন পরিস্থিতিতে লঞ্চের মাস্টার তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি নম্বরে কল করে সহায়তা চেয়ে বার্তা পাঠান।
খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সদরঘাটে আনা হয় এবং সেখান থেকে ইজিবাইকযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জনসেবামূলক কাজে কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।





























