দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৬:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে বুধবার এ তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৮৩ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৮৮৪ জনের মৃত্যু হয়েছে উপসর্গে এবং ৯৯ জনের মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ১ হাজার ৩৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। ১৫ই মার্চ থেকে এই পর্যন্ত মোট ১ লাখ ৬০ হাজার ১৮৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং মোট ১৯ হাজার ৪৪৭ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।





























