রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন নিওঅনকোভ্যাক প্রথম প্রয়োগে সফল
- আপডেট সময় : ০৫:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের উদ্ভাবিত ক্যানসারের ভ্যাকসিন 'নিওঅনকোভ্যাক' প্রথম প্রয়োগেই আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে। এই প্রতিষেধক তৈরির নেপথ্যে থাকা গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেক্সান্দার গিনজবার্গ জানিয়েছেন, ভ্যাকসিন গ্রহণকারী প্রথম রোগীর শরীরে কাঙ্ক্ষিত রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন রেসপন্স তৈরি হয়েছে এবং তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ বোধ করছেন।
চলতি বছরের এপ্রিল মাসে মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে ৬০ বছর বয়সী তৃতীয় পর্যায়ের মেলানোমা বা ত্বকের ক্যানসারে আক্রান্ত এক ব্যক্তির শরীরে প্রথমবারের মতো এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। গিনজবার্গের তথ্য অনুযায়ী, ওই রোগী বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছেন এবং নিয়মিত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। পরীক্ষায় দেখা গেছে, তার শরীর ক্যানসারের টিউমার ও মেটাস্টেসিসের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় সক্রিয় যৌগ তৈরি করতে শুরু করেছে। চিকিৎসাসূচি অনুযায়ী তাকে আরও দুটি ডোজ দেওয়া হবে। এছাড়া আগামী দেড় থেকে তিন মাসের মধ্যে আরও ১০ জন রোগীর জন্য এই ভ্যাকসিন প্রস্তুতের কাজ চলছে।
রাশিয়ার জাতীয় চিকিৎসা গবেষণা কেন্দ্রের প্রধান আন্দ্রে কাপ্রিন জানান, এই প্রযুক্তি প্রচলিত ক্যানসার চিকিৎসার চেয়ে সম্পূর্ণ আলাদা। এতে রোগীর নিজস্ব টিউমার ও সুস্থ টিস্যুর জেনেটিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে একটি কাস্টমাইজড ভ্যাকসিন তৈরি করা হয়, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সরাসরি ক্যানসার কোষ চিহ্নিত করে ধ্বংস করতে প্রশিক্ষণ দেয়। গত বছর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দুটি নিজস্ব প্রযুক্তির ব্যক্তিগত ক্যানসার চিকিৎসার অনুমোদন দেয়, যার একটি হলো মেলানোমার জন্য এমআরএনএ-ভিত্তিক ভ্যাকসিন নিওঅনকোভ্যাক এবং অন্যটি কোলরেকটাল ক্যানসারের জন্য পেপটাইড ওষুধ 'অনকোপেপ্ট'। গামালেয়া ইনস্টিটিউট বর্তমানে অগ্ন্যাশয়, কিডনি এবং ফুসফুসের ক্যানসারের প্রতিষেধক তৈরিতেও কাজ করছে।





























