ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণ তালিকায় চতুর্থ অবস্থানে
- আপডেট সময় : ১১:২৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় ছুটির দিনেও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, এই সময়ে ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৭৩। এই স্কোর নিয়ে মেগাসিটি ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে।
একই সময়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুর ২১০ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কুচিং শহর (স্কোর ১৮৭)। এছাড়া তালিকার তৃতীয় ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর (স্কোর ১৮৪) ও ভারতের কলকাতা (স্কোর ১৬০)। দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ১০৩ থেকে ২১০-এর মধ্যে রয়েছে।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।





























