‘প্রাপ্তির আশায় মিউজিক করলে এখনই বন্ধ করো’, নতুনদের জেমসের পরামর্শ
- আপডেট সময় : ০৫:৪৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

প্রায় দুই মাস ধরে ইউরোপের বিভিন্ন দেশ সফর করছেন দেশের জনপ্রিয় রক তারকা নগরবাউল জেমস। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি মাতিয়ে এই সংগীত তারকা এখন অবস্থান করছেন সুইডেনে। আগামী ৬ সেপ্টেম্বর সেখানে প্রবাসী বাংলাদেশিদের গান শোনাবেন তিনি। এই কনসার্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের দীর্ঘ সংগীতজীবন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন জেমস। সেখানে নতুন প্রজন্মের সংগীতশিল্পীদের উদ্দেশে একটি জরুরি পরামর্শও দিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে নতুনদের উদ্দেশে জেমস বলেন, গান করতে হবে একদম নিজের ভেতরের তাড়না, আবেগ ও প্যাশন থেকে। কোনো কিছু পাওয়ার বা প্রাপ্তির আশায় যদি কেউ মিউজিক করতে আসে, তবে তাকে এখনই গান বন্ধ করে দেওয়ার পরামর্শ দেন এই রক আইকন। তিনি স্পষ্ট জানান, নিজের জীবনে কোনো কিছু পাওয়ার আশায় তিনি কখনো গান করেননি। কেবল ভালোবাসা ও গভীর আবেগ থেকেই তিনি সংগীতকে আঁকড়ে ধরেছেন।
নিজের সংগীত দর্শনের ব্যাখ্যা দিয়ে জেমস আরও বলেন, মিউজিক করা উচিত মূলত নিজের মনের প্রশান্তির জন্য। এর মাধ্যমে যদি কোনো অর্জন আসে, তবে সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে গান করা ঠিক নয়। আজ যদি তিনি সংগীত থেকে কোনো প্রাপ্তি নাও পেতেন, তাহলেও আজীবন গান গেয়ে যেতেন বলে জানান ভক্তদের ভালোবাসার ‘গুরু’।
নিজের দীর্ঘ ক্যারিয়ারের কথা স্মরণ করে জেমস জানান, মঞ্চে উঠলে সময়ের পরিবর্তন বা প্রজন্মের ব্যবধান তার চোখে পড়ে না। তার মনে হয়, শ্রোতারা আগের মতোই আছেন। সময়ের আবর্তনে যে প্রজন্ম বদলে যাচ্ছে, তা মঞ্চে দাঁড়িয়ে তিনি খেয়ালই করেননি। এখন তার মনে হয়, তিনি একসঙ্গে অনেকগুলো প্রজন্মকে গান শোনাতে পারছেন। জীবনের শেষ দিন পর্যন্ত গানকেই সঙ্গী করে রাখতে চান তিনি। ভবিষ্যৎ নিয়ে আলাদা কোনো পরিকল্পনা না থাকলেও মঞ্চে গান গেয়ে যাওয়ার ইচ্ছা তার চিরকাল। এমনকি শেষ সময়ে যদি মাত্র একজন দর্শকও অবশিষ্ট থাকেন, তার জন্যও গান গেয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি。
আশির দশকের শুরুতে চট্টগ্রামের ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে জেমসের পথচলা শুরু হয়েছিল। এরপর ১৯৮৭ সালে প্রকাশ পায় ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। দীর্ঘ কয়েক দশক ধরে তার গান শ্রোতাদের মুগ্ধ করে রেখেছে। সুইডেনের এই কনসার্টের মধ্য দিয়ে জেমসের দীর্ঘ ইউরোপ সফর শেষ হবে। এরপর তিনি উড়াল দেবেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। সেখানে আগামী ১২ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলসে আয়োজিত একটি বিশেষ কনসার্টে পশ্চিমবঙ্গের ‘ফসিলস’ ব্যান্ডের রূপম ইসলামের সঙ্গে একই মঞ্চে গান গাইবেন জেমস।





























