শুটিংয়ের সেটে বড় বিপদের মুখে অভিনেতা ইমরান হাশমি
- আপডেট সময় : ০৪:২২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর শুটিং করতে গিয়ে বড় ধরনের বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শোরগোল পড়ে গেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শুটিংয়ের প্রয়োজনে একটি ক্রেনের সাহায্যে গাড়ি ঝুলিয়ে রাখা হয়েছিল। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে দাঁড়িয়ে থাকা একটি কালো ভ্যানের ওপর আছড়ে পড়ে। সেই ভ্যানটির খুব কাছেই দাঁড়িয়ে ছিলেন ইমরান হাশমি। উপস্থিত কলাকুশলীরা ক্রেনের দিকে তাকিয়ে থাকার মুহূর্তেই গাড়িটি এক পাক উল্টে বাঁধন ছিঁড়ে নিচে পড়ে যায়। গাড়িটি অভিনেতার অত্যন্ত কাছাকাছি চলে আসায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় কেউ আহত হননি।
দৃশ্যটি পরিকল্পিত ছিল নাকি শুটিংয়ের সময় কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে, তা নিয়ে ছবির নির্মাতারা এখনও কোনো মন্তব্য করেননি। এছাড়া এই দৃশ্যটি কোথায় ধারণ করা হচ্ছিল, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ‘গানমাস্টার জি৯’ সিনেমাটি নিয়ে এর আগেও বিতর্ক তৈরি হয়েছিল। গত জুন মাসে হরিদ্বারে শুটিং চলাকালীন স্থানীয় বাসিন্দারা একটি সাইনবোর্ড নিয়ে আপত্তি জানিয়েছিলেন। সেখানে ‘বার অ্যান্ড ক্যাফে’ লেখা থাকায় স্থানীয়রা মনে করেছিলেন ধর্মীয় স্থানে পানশালা খোলা হচ্ছে, যা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় এবং শুটিং বন্ধের উপক্রম হয়েছিল।
আদিত্য দত্ত পরিচালিত এই অ্যাকশন-নির্ভর প্রেমের ছবিতে ইমরান হাশমি ছাড়াও অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা এবং অভিষেক সিংহ। আগামী ২৭ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।




























