নতুন কিস্তিতে ফিরছে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
- আপডেট সময় : ০২:৪১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

ট্রাকচালক আব্বাসের বিচিত্র জীবন এবং তার আটটি গোপনীয় সংসার নিয়ে নির্মিত জনপ্রিয় ওটিটি সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র দ্বিতীয় কিস্তি আসছে। প্রথম কিস্তিতে ট্রাকচালক আব্বাসের চরিত্রে মোশাররফ করিমের অভিনয় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার সেই সিরিজের পরবর্তী অধ্যায় নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে।
সিরিজের দ্বিতীয় কিস্তি পরিচালনার দায়িত্বে থাকছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং তার স্ত্রী মুশফিকা মাসুদ। বিষয়টি অমিতাভ রেজা নিজেই নিশ্চিত করেছেন। এর আগে তারা বিজ্ঞাপনচিত্র নির্মাণে একসঙ্গে কাজ করলেও, এবার সিরিজের কাজে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান। অমিতাভ রেজা জানান, মুশফিকা মাসুদের ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং নতুন ভাবনা তার কাজের জন্য সহায়ক। এছাড়া আগামী বছর তারা যৌথভাবে দুটি সিনেমা নির্মাণের পরিকল্পনাও করছেন।
দ্বিতীয় কিস্তির শুটিং আগামী ডিসেম্বর মাসে শুরু হওয়ার কথা রয়েছে। তবে আব্বাসের জীবনের পরবর্তী মোড় কিংবা আগের আট সংসারের পরিণতি সম্পর্কে এখনই কোনো তথ্য প্রকাশ করতে চাইছেন না নির্মাতারা। বর্তমানে শিল্পীদের শিডিউলসহ প্রাথমিক প্রস্তুতির কাজ চলছে। অমিতাভ রেজা ইঙ্গিত দিয়েছেন যে, নতুন কিস্তিতে আগের সিরিজের কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এবং গল্পের প্রয়োজনে নতুন মুখও যুক্ত হতে পারে।
হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া প্রথম কিস্তিতে মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছিলেন রোবেনা রেজা জুঁই, রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, আসমা উল হুসনা ও সারাহ জেবিন।




























