এলএনজি টার্মিনাল ও গ্যাসে রূপান্তর প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৯:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশে ভাসমান এলএনজি টার্মিনাল বা ভাসমান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তর ইউনিট (এফএসআরইউ) প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এ আগ্রহের কথা জানান।
বৈঠকে শিল্পসচিব আব্দুন নাসের খান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুস্তাফিজুর রহমান এবং মার্কিন দূতাবাসের ইকোনমিক চিফ এঞ্জেলো পালাজ্জেলো উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আলোচনাকালে মার্কিন রাষ্ট্রদূত বড় অবকাঠামো প্রকল্পে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের পরিবেশ নিশ্চিত করা গেলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশে মার্কিন কোম্পানিগুলোর কাজ করার ব্যাপক আগ্রহ রয়েছে উল্লেখ করে তিনি এসব কোম্পানিকে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং সরবরাহের সক্ষমতা প্রমাণ করতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাবকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সরবরাহ পরিকল্পনা কার্যকর এবং সময়োপযোগী হলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও সুসংহত হবে। বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বাণিজ্য পরিবেশ সহজ করার বিষয়ে সমর্থন ব্যক্ত করেন।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি খাতের অংশীদারত্ব এবং সাম্প্রতিক নীতি সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, বাংলাদেশ ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত ১৩ বছরে যুক্তরাষ্ট্র থেকে মোট ১১৭টি এলএনজি কার্গো আমদানির সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে আন্তর্জাতিক এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসির সঙ্গে হওয়া চুক্তিকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।





























