রাজধানীতে পীর-মাশায়েখ সম্মেলনে সুফিপন্থীদের ঐক্যের ডাক
- আপডেট সময় : ০৮:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে এক বিশাল পীর-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত এই সম্মেলনে পাকিস্তান, ভারত, ইরান ও ইরাকসহ বিভিন্ন দেশ থেকে আগত প্রায় তিন হাজার প্রতিনিধি এবং দেশের বিভিন্ন প্রসিদ্ধ দরবার, খানকা শরীফ ও সুফি তরিকার পীর-মাশায়েখগণ অংশ নেন। দেওয়ানবাগ শরীফের পরিচালক ও সমন্বয়ক ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুরের আয়োজনে এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল সুফিপন্থীদের মধ্যে ঐক্য জোরদার করা এবং হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া।
সম্মেলন থেকে সুফিবাদ ও ঈদে মিলাদুন্নবী (সা.) নিয়ে চলমান বিদ্বেষ ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। ইমাম কুদরত এ খোদা হুজুর তার বক্তব্যে বলেন, একটি দরবার কোনো সমস্যায় পড়লে অন্য দরবারের অনুসারীদেরও তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, পীর-মাশায়েখরা আছেন বলেই আজও বাংলার জমিনে রাসুল (সা.)-এর মহব্বত জাগ্রত আছে। ঈদে মিলাদুন্নবী (সা.)-এর বিরোধী ও অপপ্রচারকারীদের সমালোচনা করে তিনি বলেন, আশেকে রাসুলদের মহানবী (সা.)-কে ভালোবাসার জন্য কোনো দলিলের প্রয়োজন নেই। তিনি দেওয়ানবাগ শরীফের কার্যক্রম নিয়ে প্রচারিত অভিযোগ অস্বীকার করে বলেন, এখানে শরিয়তের বাইরে কোনো কার্যক্রম চলে না এবং তিনি সংশ্লিষ্টদের দরবারের কার্যক্রম সরাসরি দেখার আহ্বান জানান।
ইমাম কুদরত এ খোদা স্পষ্ট করেন যে, এই সম্মেলনের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই; বরং তরিকাপন্থীরা কেবল হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসার টানে একত্রিত হয়েছেন। সম্মেলনে বক্তারা বিভিন্ন তরিকা ও দরবারকে এক মঞ্চে আনার জন্য আয়োজককে ধন্যবাদ জানান এবং উপমহাদেশের সুফিদের মধ্যে ঐক্যের ক্ষেত্র তৈরির জন্য তার নেতৃত্বের প্রশংসা করেন।
ইরানের আল-মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শাহাবুদ্দিন মাশায়েখী রা'দ এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি ঈদে মিলাদুন্নবী (সা.) পালন নিয়ে বিরোধিতাকারীদের সমালোচনা করে বলেন, যারা মহানবী (সা.)-এর জন্মদিন পালনের বিরোধিতা করেন, তাদের অনেকেই নিজেদের সন্তানদের জন্মদিন পালন করেন। এছাড়াও ভারত থেকে আজমীর শরীফের সৈয়দ সালাউদ্দিন চিশতি, হযরত নিজামউদ্দিন আউলিয়া দরগাহের সৈয়দ আনিস নিজামী ও সৈয়দ ফাইজ নিজামী এবং পাকিস্তান থেকে দরগাহে হযরত বাবা গানসকল মাসুদের দিওয়ান আহমেদ মাসুদ ও দরগাহে হযরত শাহ জাফর আলির পীর সৈয়দ আমীর হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন। বাংলাদেশের মাইজভান্ডার, সুরেশ্বর, শেরে বাংলা, সাইফিয়া, মোহাম্মদীয়া, হাক্কানি, চিশতিয়া পাক পাঞ্জাতন, পরদেশি, সুফি আস্তানা, দয়াময়, নুরে মদীনা, চিশতিয়া নিজামিয়া, করন নগর, মাওলা ভরসা, ছতুরা, ভুলুয়া হায়দারি ও কুতুবদিয়া পাক দরবার শরীফসহ দেশের বিভিন্ন প্রসিদ্ধ দরবারের পীর-মাশায়েখগণ সম্মেলনে অংশ নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।





























