নরসিংদীর মনোহরদীতে শিক্ষককে ছুরি আঘাত ও মারধর, চোখে জখম
- আপডেট সময় : ০৫:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে

নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাওসার আহমেদ-এর ওপর ছুরিকাঘাত ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শিক্ষক সমাজ দ্রুত দোষীকে গ্রেফতার ও বিচারের দাবিতে তীব্র নিন্দা জানিয়েছে।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা টু পোড়াদিয়া রাস্তায় এ ঘটনাটি ঘটে। শিক্ষক কাওসার আহমেদ প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার জন্য নিজ ভাড়া বাসার পাশে মেইন রোডে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ এক ব্যক্তি সিএনজি থেকে নেমে এসে তার ওপর অতর্কিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলাকারী প্রথমে শিক্ষক কাওসারকে লক্ষ্য করে ছুরি নিয়ে আঘাত করতে যায়। কাওসার আহমেদ হাতে থাকা টিফিন ক্যারিয়ার দিয়ে সেই আঘাত প্রতিহত করতে সক্ষম হলেও এরপর হামলাকারী তার চোখে সজোরে ঘুষি মারে। পরে গাড়ি থেকে লাঠি এনে পরপর ৪-৫ বার আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
আহত শিক্ষক কাওসার আহমেদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম বাবুল মিয়া (৪৮)। তার বাবার নাম রাজু মিয়া ওরফে বোগা রাজু। বাবুল মিয়ার কন্যা জান্নাত জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
এই ঘটনায় শিক্ষক সমাজ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা অবিলম্বে হামলাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।




























