আমতলীতে হেলপারের চালনায় বাস উল্টে ২৯ যাত্রী আহত
- আপডেট সময় : ০৩:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৯ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে বরগুনার আমতলী উপজেলার বান্দ্রা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে কুয়াকাটাগামী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় এবং দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে গিয়ে থামে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে আমতলী ও কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, আহত অনেকের হাত-পা ভেঙে গেছে। তাদের মধ্যে গুরুতর আশঙ্কাজনক ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, দূরপাল্লার এই বাসটির চালক ঘুমিয়ে থাকায় দুর্ঘটনার সময় হেলপার গাড়িটি চালাচ্ছিলেন। বাসটি উল্টে যাওয়ার পরপরই চালক ও হেলপার স্থান ছেড়ে পালিয়ে যায়। অন্যদিকে দুর্ঘটনাপ্রবণ বান্দ্রা মোড়ে পর্যাপ্ত সিগন্যাল বাতি না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তারা অবিলম্বে ওই স্থানে সিগন্যাল ল্যাম্পপোস্ট স্থাপন, গতিরোধক তৈরি এবং চার লেনের সড়ক নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন।
দুর্ঘটনার বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে ইতোমধ্যে জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে ড্রাইভার ও হেলপার পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




























