ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো
- আপডেট সময় : ০৩:২৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে মোট ৩৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।
ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের ব্যবস্থাপনায় এই প্রত্যাবাসন ফ্লাইটটি পরিচালিত হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট তিন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হয়।
দূতাবাস তাদের বার্তায় ইউরোপে অবৈধভাবে প্রবেশ ও অবস্থানের বিষয়ে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে তারা নিরাপদ, সুশৃঙ্খল এবং বৈধ অভিবাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে।
এছাড়া দূতাবাস সতর্ক করে দিয়ে বলেছে, যথাযথ ভিসা ছাড়া ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারী, দালাল বা চোরাকারবারিদের অর্থ প্রদান করা অবৈধ। এ ধরনের কর্মকাণ্ডের পরিণতিতে নিজ দেশে ফেরত পাঠানো এবং শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞার মতো কঠোর পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে।



























