দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ, অতিরিক্ত মুনাফা বন্ধের আহ্বান
- আপডেট সময় : ১০:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখানে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। বুধবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা সংকটকে পুঁজি করে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মুনাফা আদায়ের অপচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছেন।
দৌলতখান বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে শহরের প্রধান প্রধান সড়কে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তারা জোর দিয়ে বলেন, বর্তমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা অত্যন্ত জরুরি।
নেতারা আরও সতর্ক করে বলেন, চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং পণ্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা আদায় করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন রাশেদ, সদস্য সচিব মাজহারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোসলেউদ্দিন হাং ও সদস্য সচিব জামাল উদ্দিন। এছাড়াও উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।




























