ঝিনাইগাতীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মাহমুদুল হক রুবেল
- আপডেট সময় : ০৪:০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুর্গাপূজার মণ্ডপগুলো পরিদর্শন করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন এলাকার মোট ১২টি মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের আর্থিক সহযোগিতা প্রদান করেন। এর আগে রবিবার সন্ধ্যা থেকে তিনি আরও ৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেছিলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, 'ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।' তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের ঐতিহ্য ও শক্তির নাম হলো সম্প্রীতি, যা অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন ও উৎসব উদ্যাপন করবেন।
দুর্গাপূজাকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্লেখ করে তিনি বলেন, এই উৎসব শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদ্যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম ও বর্ণনির্বিশেষে সব মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ সময় ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান ও মো. শামীম মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জনপ্রতিনিধি এবং পূজা উদ্যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



























