ভোলায় নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প, এলাকাবাসীর আনন্দ
- আপডেট সময় : ০২:৫৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার একটি প্রকল্পের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আনন্দের জোয়ার বয়ে যায়। এই প্রকল্পটি বাস্তবায়নের খবরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি গণসমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। বুধবার বিকেলে শিবপুর ইউনিয়নের স্লুইসগেট এলাকায় এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন বিজেপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাইনুদ্দিন মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, "আমরা আগেই বলেছিলাম, পার্থ এমপি হলে মন্ত্রী হবেন, আর মন্ত্রী হলে ভোলার নদীভাঙন রোধসহ ব্যাপক উন্নয়ন করবেন। তারই ধারাবাহিকতায় শিবপুর ইউনিয়নের নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে।" তিনি আরও উল্লেখ করেন যে, টেকসই বাঁধ নির্মাণ শিবপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এবং এই প্রকল্পটি সেই দাবি পূরণের পথ তৈরি করেছে।
প্রকল্পের কাজের গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মাইনুদ্দিন মিয়া বলেন, "দ্রুত কাজ শুরু করার পাশাপাশি প্রকল্পের স্বচ্ছতা ও নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে হবে।" তিনি এ ক্ষেত্রে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পের কাজ বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে স্থানীয় বক্তারা বলেন, দীর্ঘকাল ধরে নদীভাঙনের কারণে শিবপুর ও এর আশপাশের এলাকার অসংখ্য মানুষ তাদের ঘরবাড়ি, বসতভিটা ও সহায়-সম্পদ হারিয়েছেন। ভাঙনের আতঙ্কে বহু পরিবার দিনাতিপাত করছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বিস্তীর্ণ জনপদ নদীভাঙনের ঝুঁকি থেকে সুরক্ষা পাবে, যা মানুষের জানমাল রক্ষার পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে জেলা ছাত্র সমাজের যুগ্ম-আহ্বায়ক মো. ইসমাইল হোসেন ও রুমি সিকদার, পৌর শ্রমিক পার্টির সভাপতি মো. জাকির হোসেন এবং ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো. জাবেদসহ বিভিন্ন ওয়ার্ডের বিজেপি নেতাকর্মী, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




























