উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের দুই পা ক্ষতবিক্ষত
- আপডেট সময় : ০১:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক যুবকের দুই পা ক্ষতবিক্ষত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে সীমান্তের শূন্যরেখায় এই দুর্ঘটনা ঘটে।
আহত যুবকের নাম হামিদ হোসেন (৩২)। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি-২৭ ব্লকের বাসিন্দা কামাল হোসেনের ছেলে। স্থানীয় জেলেরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ২০০ থেকে ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের ভূখণ্ডে হঠাৎ বিকট শব্দে একটি স্থলমাইন বিস্ফোরিত হয়। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পাওয়ার পর আহত যুবককে প্রথমে উখিয়ার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।




























