কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে কুমারখালীর সাফল্য
- আপডেট সময় : ১০:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কুষ্টিয়ায় আয়োজন করা হয় ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার ফাইনাল খেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের জজ এনায়েত কবির সরকার এবং কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান উপস্থিত ছিলেন। পরে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রতিযোগিতার তৃতীয় দিনে ৮টি দলের অংশগ্রহণে সেমিফাইনাল ও বাছাই পর্বের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। নারী বিভাগের প্রথম ম্যাচে কুষ্টিয়া সদর থানা ৪৯–২৮ পয়েন্টে মিরপুর থানাকে এবং দ্বিতীয় ম্যাচে কুমারখালী থানা ৪৬–১৩ পয়েন্টে ভেড়ামারা থানাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। পুরুষ বিভাগের খেলায় ভেড়ামারা থানা ৬৮–২৬ পয়েন্টে কুষ্টিয়া সদর থানাকে এবং কুমারখালী থানা ৩৫–৩৩ পয়েন্টে মিরপুর থানাকে পরাজিত করে ফাইনালে ওঠে।
শুক্রবার বিকেলে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পুরুষ বিভাগে ভেড়ামারা থানাকে হারিয়ে কুমারখালী থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই দিনে নারী বিভাগের ফাইনালে কুষ্টিয়া সদর থানা ও কুমারখালী থানা দল মুখোমুখি হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. রেজাউল করিম বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণের কোনো বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা পুলিশ ও সাধারণ মানুষের মেলবন্ধন আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।



























