ঈশ্বরদীতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- আপডেট সময় : ০৯:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে রকিবুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামের চরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রকিবুল ইসলাম উপজেলার কৈকুন্ডা গ্রামের মৃত মার্জিন হোসেনের ছেলে। এ ঘটনায় শামসুল আলম নামে বিলকেদার গ্রামের আরও এক কৃষক গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিলকেদার চরে নিজ জমিতে কাজ করছিলেন রকিবুল ও শামসুল। এ সময় আকস্মিক বজ্রপাতের কবলে পড়ে তারা দুজনই ঘটনাস্থলে দগ্ধ ও সংজ্ঞাহীন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত শামসুল আলম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, নিহত কৃষকের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


























