পটুয়াখালী হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত
- আপডেট সময় : ০১:২৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. সাইফুল আজম রঞ্জু।
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. এস এম কবির হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জিয়াউল করিম, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি মো. জাকির হোসেনসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও অন্যান্যরা।
উদ্বোধনের পর কর্মসূচির আওতায় হাসপাতালের প্রতিটি ওয়ার্ড পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এছাড়া মশার উপদ্রব রোধে কার্যকর স্প্রে প্রয়োগ করা হয়েছে।
কর্মসূচি পরবর্তী আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসার ওপর নির্ভর না করে ব্যক্তিগত সচেতনতার ওপর জোর দেন। তারা বলেন, নিজের চারপাশ পরিষ্কার রাখা এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি টাঙানোর অভ্যাস গড়ে তুলতে হবে। সকলের সমন্বিত উদ্যোগেই কেবল ডেঙ্গুর মতো রোগ সফলভাবে প্রতিরোধ করা সম্ভব বলে তারা অভিমত ব্যক্ত করেন।



























