ঝিনাইদহে বাস ও স্যালো ইঞ্জিন গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ২৫
- আপডেট সময় : ০৮:৩২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস ও খড়িবোঝাই একটি স্যালোইঞ্জিন চালিত গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই সময়ে শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় পৌঁছায়। ঠিক তখনই বিপরীত দিক অর্থাৎ ঝিনাইদহ থেকে ছেড়ে আসা খড়িবোঝাই একটি স্যালোইঞ্জিন চালিত গাড়ির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা অন্তত ২৫ জন যাত্রী কমবেশি আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ Jahanur Ali দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



























