জকিগঞ্জে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৮:৩৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া থেকে এক নারী ও তাঁর চার বছর বয়সী মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বসতঘর থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
নিহতরা হলেন চম্পা রাণী দাস (৩৫) এবং তাঁর মেয়ে হৃদি দাস। চম্পা রাণী দাস শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাসের স্ত্রী। রতন দাসের চাচাতো ভাই সজল দাস জানান, বাড়ির একটি কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তবে কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাঁরা কিছু বুঝতে পারছেন না।
বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। প্রাথমিক ধারণার ভিত্তিতে তিনি জানান, ঘটনাটি আত্মহত্যা হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য তদন্ত প্রয়োজন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।





























