টাঙ্গাইলে নারী সাংবাদিক হেনস্তার ঘটনায় প্রেসক্লাবের তদন্ত কমিটি গঠন
- আপডেট সময় : ০৮:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে এক নারী সাংবাদিককে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর কথা বলে হেনস্তার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে টাঙ্গাইল প্রেসক্লাব। সোমবার (৩১ আগস্ট) প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা।
তিন সদস্যের এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে এটিএন বাংলার টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনকে। কমিটির অন্য দুই সদস্য হলেন নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মালেক আদনান এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শামীম আল মামুন।
হেনস্তার শিকার ভুক্তভোগী সাংবাদিক রুমি আক্তার পলি গ্লোবাল টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি, ডেইলি বাংলাদেশের বিশেষ প্রতিবেদক এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। তিনি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই ঘটনায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন।
অভিযোগকারী সাংবাদিক রুমি আক্তার পলি জানান, তদন্ত কমিটি গঠনের আগে তাকে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় ডাকা হয়েছিল। সভায় অলোক কুমার দাসকেও উপস্থিত রাখা হয়েছিল। পলি আরও জানান, কার্যনির্বাহী কমিটির সভায় তিনি সরাসরি অলোক কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। পলি দাবি করেন, সভায় টাঙ্গাইল প্রেসক্লাবের বর্তমান সভাপতি আতাউর রহমান আজাদ এবং সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জাফর আহমেদ স্বীকার করেছিলেন যে অলোক কুমার দাস তার সাথে অশালীন আচরণ করেছেন। পলি প্রশ্ন তোলেন, ঘটনার সত্যতা স্বীকার করার পরও কেন এই তদন্ত কমিটি গঠনের প্রয়োজন হলো।
পলি আরও অভিযোগ করেন, অভিযোগপত্র জমা দেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে। এসব ঘটনায় তিনি গত ২৮ আগস্ট টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযুক্ত অলোক কুমার দাসের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ রয়েছে। স্থানীয় সাংবাদিকদের দাবি, অলোক কুমার দাস এর আগে পলিকে অশালীন কথা বলেছেন। এছাড়াও নাহার চাকলাদার নামে আরেক নারী সাংবাদিক এবং গ্রীন টেলিভিশনের এক প্রতিনিধির সঙ্গেও অলোক কুমার দাসের একই ধরনের আচরণের অভিযোগ রয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবে তার সদস্যপদ পাওয়ার প্রক্রিয়া নিয়েও সাংবাদিকদের একাংশের মধ্যে অসন্তোষ ও প্রশ্ন রয়েছে বলে জানা গেছে।




























