উত্তাল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, অল্পের জন্য বাঁচলেন ১৬ জেলে
- আপডেট সময় : ০৯:১৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে তলা ফেটে ‘রাইসা মনি’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে পাশে থাকা অন্য একটি ট্রলারের জেলেদের তাৎক্ষণিক ও সাহসী তৎপরতায় ট্রলারে থাকা ১৬ জন মাঝি-মাল্লা অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন। গত শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর উপকূলসংলগ্ন গভীর সাগরে এই দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ট্রলারটির মালিক বরগুনা পৌর এলাকার বাসিন্দা রাসেল। তিনি জানান, গত সপ্তাহে বরগুনা থেকে ১৬ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা হয়েছিল রাইসা মনি। শনিবার বিকালের দিকে হঠাৎ আবহাওয়ার অবনতি ঘটলে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। তখন জেলেরা নিরাপদে উপকূলে ফিরতে শুরু করেন। কিন্তু মহিপুর উপকূলের কাছাকাছি পৌঁছালে প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারের পেছনের অংশের তলা ফেটে যায় এবং দ্রুত পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মাছবোঝাই ট্রলারটি সাগরে তলিয়ে যায়।
ট্রলারটি ডুবে যাওয়ার সময় কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলার দ্রুত এগিয়ে আসে। তারা একে একে ১৬ জন জেলেকেই জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে উদ্ধার হওয়া জেলেরা এখনও উপকূলে এসে পৌঁছাননি। এদিকে, রবিবার (২৩ আগস্ট) সকালে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হলেও বৈরী আবহাওয়া ও সাগরের প্রচণ্ড ঢেউয়ের কারণে সেটি উদ্ধার করা যায়নি। ট্রলারটি উদ্ধারের জন্য নৌবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন এর মালিক রাসেল।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর সমুদ্রে আবহাওয়া খারাপ হওয়ায় শনিবার থেকেই অনেক ট্রলার নিরাপদে উপকূলে ফিরছিল। ফেরার পথেই রাইসা মনি ট্রলারটি দুর্ঘটনার মুখে পড়ে। তবে পাশের ট্রলারের জেলেদের দ্রুত ও সময়োচিত পদক্ষেপের কারণে ১৬ জনের সবার জীবন রক্ষা পেয়েছে।





























