ঝিনাইদহে মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- আপডেট সময় : ০৩:০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় মেসের রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। নিহত কাউসার আলী ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি হরিনাকুন্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কাউসার ও লিখন শহরের ওই মেসে একসঙ্গে থাকতেন। সন্ধ্যার দিকে মেসের বাজার করা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কাউসার আলী তার রুমমেট লিখনকে থাপ্পড় মারলে লিখন ক্ষিপ্ত হয়ে ওঠে। তাৎক্ষণিকভাবে লিখন পাশে থাকা একটি ছুরি দিয়ে কাউসারের পিঠে আঘাত করে। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে লিখন নিজেও আঘাতপ্রাপ্ত হয়।
গুরুতর আহত অবস্থায় কাউসার ও লিখনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাউসার আলীকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত লিখনকে পুলিশ আটক করেছে। আটক লিখন সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা এবং বাড়িবাথান মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে এবং অভিযুক্ত লিখনকে হেফাজতে নিয়েছে।
নিহত কাউসার হরিনাকুন্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা ও ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র। এ ঘটনায় অভিযুক্ত লিখন নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক লিখন বাড়িবাথান মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। সে সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা।




























