স্বাবলম্বী হতে সুন্দরবনের ৩১ বাঘ বিধবা পরিবার পেল ছাগল
- আপডেট সময় : ০২:৫৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারিয়ে চরম অর্থনৈতিক সংকটে দিন কাটানো ৩১টি বাঘ বিধবা পরিবারকে বিনামূল্যে দুটি করে ছাগল দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা তুলে দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠন 'ইয়ুথ ফর বাংলাদেশ' এই মানবিক উদ্যোগের আয়োজন করে।
ছাগল পাওয়া উপকারভোগী পরিবারগুলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন এবং খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাগল পালনের মাধ্যমে এই পরিবারগুলোর আয় বৃদ্ধি করা এবং তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম মাছুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মহাসিন উল হাকিম, গাবুরা ইউপি সদস্য ফরিদা খাতুন, জি এম মুনজুর হোসেন এবং ইয়ুথ ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আরিফুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলের মানুষের জীবন সংগ্রাম অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ। বাঘের আক্রমণে নারীরা কেবল তাদের জীবনসঙ্গীকেই হারাননি, হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকেও। তাই এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সবার সামাজিক দায়িত্ব। বাঘ বিধবা পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে দীর্ঘমেয়াদি ও টেকসই পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।
ছাগল উপহার পেয়ে বাঘ বিধবা পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করে তারা নিজেদের পরিবারের আয় বাড়াতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।



























