মাদকমুক্ত সমাজ গড়তে শ্যামনগরে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৩৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

"আসুন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি ও মাদকমুক্ত সমাজ গড়ি। যুব সমাজ রক্ষা করি, মাদকমুক্ত দেশ গড়ি, আপনার সচেতনতাই বাঁচাতে পারে একটা প্রাণ"— এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাদক বিরোধী আলোচনা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারে স্থানীয় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, শুধুমাত্র প্রশাসনের পক্ষে এককভাবে মাদক নির্মূল করা সম্ভব নয়। একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সচেতন নাগরিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল সম্পর্কে সচেতন করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর তিনি বিশেষ জোর দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক মো. আবু কওছার সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মুন্সিগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, সাবেক প্রধান শিক্ষক আজিজুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক সরদার, ইউপি সদস্য আনয়ারুল ইসলাম, সমাজসেবক মো. সাহারাত সরদার এবং বিএনপি নেতা মো. আবু হামজা।
সমাজসেবক মো. সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. মহিদ গাজী, মো. নজরুল গাজী, মো. হাবিবুর রহমান, আ. রহমান সরদার ও মো. মিজানুর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ। সেমিনারে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও বেশি সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউপির সুন্দরবন বাজারে ইউপির ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে মাদক বিরোধী আলোচনাসভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী।



























