বগুড়ার আলোচিত ৩ ইউনিয়নের বিতর্কিত নাম পরিবর্তন

- আপডেট সময় : ১০:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার বহুল আলোচিত তিনটি ইউনিয়নের বিতর্কিত নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণশুনানির মাধ্যমে নির্ধারিত নতুন নামগুলো আজ রোববার সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত একটি সভায় এ সংক্রান্ত রেজুলেশন পাস করা হয়, যেখানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার 'মীরবাড়ি' ইউনিয়নের নাম পরিবর্তন করে রাখা হয়েছে 'বেতগাড়ী ইউনিয়ন'। এছাড়া মোকামতলা উপজেলার 'সীমান্ত' ইউনিয়নের নতুন নাম 'জগন্নাথপুর ইউনিয়ন' এবং 'দিগন্ত' ইউনিয়নের নাম বদলে রাখা হয়েছে 'রহবল ইউনিয়ন'।
এ বিষয়ে জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, জেলা প্রশাসনের সমন্বয় সভায় এই তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রস্তাবটি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ১৪ জুন সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম নামের চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছিল। এর মধ্যে 'মীরবাড়ি' নামটি বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নামের সাথে মিলে যায়। অন্যদিকে 'সীমান্ত' ও 'দিগন্ত' নাম দুটি তাঁর দুই ছেলে মীর Shakrul আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সাথে হুবহু মিলে যাওয়ায় স্থানীয় পর্যায়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি জাতীয় সংসদে স্পিকারের নজরে আনেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।
তবে এই নামকরণকে 'কাকতালীয়' বলে দাবি করেছিলেন সংসদ সদস্য মীর শাহে আলম। তাঁর দাবি ছিল, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক প্রয়োজন ও গণশুনানির ভিত্তিতেই নামগুলো ঠিক করা হয়েছিল। সৈয়দপুর ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় একটির নাম 'সীমান্ত' এবং দূরবর্তী অবস্থানের কারণে অন্যটির নাম 'দিগন্ত' রাখা হয়। সন্তানদের নামে নামকরণ করার উদ্দেশ্য থাকলে নামের আগে 'মীর' যুক্ত করা হতো বলেও তিনি যুক্তি দেন।
পরবর্তীতে ২১ জুন তারেক রহমানের নির্দেশে স্থানীয় প্রশাসন বিতর্কিত তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের লক্ষ্যে নতুন করে গণশুনানির উদ্যোগ নেয়। এর আগে তিনি ফোনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম পরিবর্তনের নির্দেশনা দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ২৩ জুন মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে গণশুনানি হয়। এছাড়া ২৫ জুন দিগন্ত ইউনিয়নের নতুন নাম 'রহবল' নির্ধারণে দ্বিতীয় দফায় আরেকটি গণশুনানি অনুষ্ঠিত হয়।



























