ব্রেন টিউমার থেকে অনেকটা ঝুঁকিমুক্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন
- আপডেট সময় : ০২:২৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

দেশের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারের ঝুঁকি থেকে অনেকটা মুক্ত। লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করে চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় তাকে এখন আর কেমোথেরাপি নিতে হচ্ছে না। বর্তমানে কেবল মুখে খাওয়ার ওষুধের মাধ্যমেই তার চিকিৎসা চলছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ জানিয়েছেন, চিকিৎসকরা ইলিয়াস কাঞ্চনের শারীরিক উন্নতিতে বেশ আশাবাদী। তিনি বর্তমানে অনেকটাই ঝুঁকিমুক্ত এবং তার চলাফেরা ও চিন্তাভাবনা আগের চেয়ে অনেক বেশি স্বাভাবিক হয়ে উঠেছে। প্রফেসর ড্রিমিট্রিয়াসের তত্ত্বাবধানে থাকা এই অভিনেতার সুস্থতা নিয়ে লিটন এরশাদ বলেন, এটি অলৌকিকভাবে হওয়া অনেক বড় এক উন্নতি। তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন এবং নিরাপদ সড়ক নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানাচ্ছেন। আশা করা হচ্ছে, দ্রুতই তিনি পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরবেন।
গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। ওই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। যদিও চিকিৎসকরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করতে সক্ষম হয়েছিলেন, তবে ঝুঁকির কারণে পুরোটা সরানো সম্ভব হয়নি। এরপর গত আগস্টে তিনি দেশে ফিরেছিলেন, তবে সে সময় শারীরিক দুর্বলতা ও চলাফেরায় কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছিল।
১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ইলিয়াস কাঞ্চন। বাবা হাজী আব্দুল আলী ও মা সরুফা খাতুনের সন্তান এই অভিনেতা কৈশোর থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৭ সালে সুভাষ দত্তের ‘বসুন্ধরা’ চলচ্চিত্রের মাধ্যমে ববিতার বিপরীতে তার বড় পর্দায় অভিষেক হয়। দীর্ঘ ক্যারিয়ারে সাড়ে ৩৫০টির বেশি সিনেমায় অভিনয় করা ইলিয়াস কাঞ্চন ‘বেদের মেয়ে জোসনা’র মতো ব্যবসাসফল সিনেমার নায়ক হিসেবে জনপ্রিয়। ব্যক্তিগত জীবনে ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর তিনি নিরাপদ সড়কের দাবিতে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলন গড়ে তোলেন, যা তাকে রাজপথের পরিচিত মুখ করে তোলে।




























