অভিনয় এখন প্রভার কাছে ‘সেকেন্ড চয়েস’, জানালেন কারণ
- আপডেট সময় : ০৬:৩২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

এক সময়ের নিয়মিত মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন অভিনয়কে নিজের জীবনের 'সেকেন্ড চয়েস' বা দ্বিতীয় পছন্দ হিসেবে দেখছেন। যে অভিনয়ের মাধ্যমে দর্শক তাকে চিনেছে, সেই অভিনয় জগত থেকে এখন খানিকটা দূরত্ব বজায় রেখে চলছেন এই তারকা। একসময় অভিনয়ই ছিল যার ধ্যান-জ্ঞান, সেই পেশাকে কেন এখন তালিকার নিচে রাখলেন তিনি, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
জানা গেছে, বর্তমানে প্রভার প্রধান ব্যস্ততা তার চাকরি। গত দেড় বছর ধরে তিনি একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে পরিচালক হিসেবে কাজ করছেন। এই দায়িত্বই এখন তার কাছে প্রধান। অভিনয়কে আপাতত প্রধান পেশা হিসেবে দেখছেন না তিনি। এ বিষয়ে প্রভা জানান, অভিনয়ে ফেরা বা নিয়মিত কাজ করার বিষয়ে তার কোনো তাড়াহুড়া নেই।
তবে পুরোপুরি অভিনয় ছাড়ছেন না তিনি। ভালো গল্প, ভিন্নধর্মী চরিত্র এবং উপযুক্ত সম্মান ও পারিশ্রমিক মিললে তিনি কাজ বেছে নিচ্ছেন। বর্তমানে তিনি ঝুমুর আসমা জুঁই পরিচালিত 'দুই পয়সার মানুষ' ও সাদেক সিদ্দিকীর 'দেনা পাওনা' সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন। যদিও এই সিনেমাগুলোর কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তবে চলতি বছরের মধ্যেই বাকি কাজগুলো সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন অভিনেত্রী। এখন দেখার বিষয়, অভিনয়কে দ্বিতীয় পছন্দে রাখা প্রভা ভবিষ্যতে নিয়মিত অভিনয়ে ফিরবেন, নাকি বেছে বেছে কাজ করেই ক্যারিয়ার এগিয়ে নেবেন।




























