সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর মামলায় আসামি রাকিবের জামিন
- আপডেট সময় : ০১:০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে নিহত প্রধান শিক্ষিকা রনজিলা পারভিনের মৃত্যু মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামের এক আসামিকে জামিন দিয়েছেন আদালত। রোববার দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।
আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার জানিয়েছেন, মামলার তদন্তে পুলিশের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত আদালত আসামি রাকিবের জামিন মঞ্জুর করেছেন। জামিনের শর্ত হিসেবে পাঁচ হাজার টাকার মুচলেকা ধার্য করা হয়েছে। আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি দ্রুত কারামুক্ত হবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী।
গত ২৯ আগস্ট ভোরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন (৫৬) চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় আসেন। ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।





























