সৌদি আরবে শ্রীলঙ্কান শ্রমিকের মৃত্যুদণ্ডের রায় বাতিল
- আপডেট সময় : ০৮:৪৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ফেসবুকে ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সৌদি আরবে মৃত্যুদণ্ড পাওয়া শ্রীলঙ্কার এক অভিবাসী শ্রমিকের রায় বাতিল করা হয়েছে। শ্রীলঙ্কা সরকারের কূটনৈতিক প্রচেষ্টার পর সৌদি আরবের সুপ্রিম কোর্ট এই রায় ঘোষণা করেন। কলম্বোর উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
২৭ বছর বয়সী আনোজান শিবরাজাকে গত সেপ্টেম্বরে সৌদি আরবের আপিল আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল। এই ঘটনায় শ্রীলঙ্কায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে দেশটির সরকার শিবরাজাকে ক্ষমা করার জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করে। অরুণ হেমচন্দ্র ফেসবুকের এক পোস্টে গত বুধবার সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের কথা জানান এবং দুই দেশের কর্তৃপক্ষ ও আইনজীবীদের ভূমিকার প্রশংসা করেন।
ঘটনার সূত্রপাত হয় জুনের শেষ দিকে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে অনলাইনে ধর্মীয় বিতর্ক শুরু হয়। বিতর্কের এক পর্যায়ে এক ব্যবহারকারী হিন্দু দেবতাকে নিয়ে মন্তব্য করলে, শিবরাজা জবাবে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। যদিও তিনি দ্রুত মন্তব্যটি মুছে ফেলে ক্ষমা চেয়ে ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন, কিন্তু মন্তব্যের স্ক্রিনশট তাঁর নিয়োগকর্তা ও সৌদি কর্তৃপক্ষের কাছে পৌঁছালে জুলাই মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে আল-আহসা ফৌজদারি আদালত তাঁকে ৫ বছরের কারাদণ্ড ও ৩০ লাখ সৌদি রিয়াল (প্রায় আট লাখ মার্কিন ডলার বা ছয় লাখ ব্রিটিশ পাউন্ড) জরিমানার আদেশ দিয়েছিলেন। বর্তমানে শিবরাজার বিরুদ্ধে পরবর্তী কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না বা তিনি কতদিন আটক থাকবেন, তা এখনো স্পষ্ট নয়। শ্রীলঙ্কার আইনপ্রণেতা ফাইজার মুস্তাফা বিবিসি সিংহলাকে জানিয়েছেন, তারা সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়টি পর্যালোচনা করছেন।
শিবরাজার পরিবার জানিয়েছে, ২৮ সেপ্টেম্বরের পর থেকে তাঁর সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সৌদি কর্তৃপক্ষের প্রতি তাঁর মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছিল। এইচআরডব্লিউর জ্যেষ্ঠ গবেষক জোয়ি শিয়া মতপ্রকাশের স্বাধীনতার কারণে অভিবাসী শ্রমিকদের ওপর কঠোর নিপীড়নমূলক আইনের ব্যবহার বন্ধের দাবি জানিয়েছিলেন।





























