সাংবাদিক সাজেদা হকের মামলায় মিরাজ-কুসুমের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ
- আপডেট সময় : ০৭:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সাংবাদিক সাজেদা হকের দায়ের করা একটি সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত শেষে খন্দকার মিরাজুল ইসলাম ও কুসুম আক্তারের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিয়েছেন আদালত। পেনাল কোড আইনের ৫০৬ ধারায় এই আদেশ দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে চিফ মেট্রোপলিটনের ১৩ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দেন।
গত বছরের ২০ নভেম্বর সাংবাদিক সাজেদা হক পল্টন থানায় খন্দকার মিরাজুল ইসলাম ও কুসুম আক্তারের বিরুদ্ধে সাধারণ ডায়েরিটি দায়ের করেছিলেন। আদালত এই অভিযোগ তদন্তের জন্য পল্টন থানাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, পল্টন মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. নূর ইসলাম (বিপি-৯৩১৯২২৫৪১৭) অভিযোগটি তদন্ত করেন। তদন্ত শেষে গত ১৮/০২/২৬ ইং তারিখে তিনি আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন, যেখানে ৫০৬ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
সোমবার ওই মামলায় পল্টন থানায় চার্জ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে আসামি পক্ষের আইনজীবী ডিসচার্জ আবেদন করলেও বিজ্ঞ আদালত সেই আবেদন বাতিল করে ৫০৬ ধারা মোতাবেক চার্জ গঠনের আদেশ বহাল রাখেন।
উল্লেখ্য, খন্দকার মিরাজুল ইসলাম ও কুসুম আক্তারের বিরুদ্ধে সিআরপিসি মামলা নম্বর ১৮০৬ এ সই জালের অভিযোগও বর্তমানে তদন্তাধীন রয়েছে। একই সঙ্গে, খন্দকার মিরাজুলের দায়ের করা একটি অভিযোগ মিথ্যা বলে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পল্টন থানা পুলিশ। এছাড়া, সাংবাদিক সাজেদা হককে হয়রানি, মানহানি, হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে খন্দকার মিরাজুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে পল্টন থানায় আরও একাধিক অভিযোগের তদন্ত চলমান রয়েছে।





























