হানি ট্র্যাপ ও ব্ল্যাকমেইলের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
- আপডেট সময় : ০৪:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক ব্যবসায়ীকে কৌশলে ফাঁদে ফেলে মারধর, নগ্ন ভিডিও ধারণ এবং সেই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ভাণ্ডারিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব চাপরাশি (২৫) রয়েছেন। তিনি উপজেলার উত্তর-পূর্ব ভাণ্ডারিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় গ্রেপ্তার অপর দুজন হলেন মোস্তাফিজুর রহমান রনি (৩৫) ও মারিয়া আক্তার (ছদ্মনাম)।
পুলিশ সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া বাজারসংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকায় ইলেকট্রিক ব্যবসায়ী মানবেন্দ্র রায় মুন্নাকে (৩৪) কৌশলে ফাঁদে ফেলে মারধর ও ভয়ভীতি দেখিয়ে তার নগ্ন ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে এই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ভাণ্ডারিয়া বাজারের রিজার্ভ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা নিয়ে তদন্ত চলছে।
এদিকে, এই ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সজীব চাপরাশিকে তার প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করেছে পিরোজপুর জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে সজীবের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার জানান, স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে পাওয়া তথ্য-প্রমাণ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।





























