১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সাথে বিমান বাংলাদেশের চুক্তি সই
- আপডেট সময় : ০২:২২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার লক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের উৎসব হলে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় পক্ষের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ এবং বিমানের চেয়ারম্যান রুমি এ হোসাইন উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ সিদ্দিক এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান আসিক চৌধুরী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এয়ারবাসগুলো বিমানের বহরে যুক্ত হলে এয়ারলাইন্সের সেবার মান ও বিমানবন্দরের সামগ্রিক পরিবেশ উন্নত হবে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থেকে অদূর ভবিষ্যতেও বন্ধু হিসেবে কাজ করে যাবে বলে তারা উল্লেখ করেন।



























