রিমান্ড শেষে কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান
- আপডেট সময় : ০৩:০৯:২২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) এক দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম এই আবেদন করেন। বর্তমানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে এই আবেদনের ওপর শুনানির প্রস্তুতি চলছে।
আদালতে আখতারুজ্জামানের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেছেন এবং তারা এজলাসে অবস্থান করছেন। এর আগে শনিবার একই মামলায় আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমানবন্দরের লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত হয়। এজাহারে অভিযোগ করা হয়েছে যে, আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে বাগবিতণ্ডা ও তাকে হুমকি দিয়েছেন।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়ায় তিনি এক নিরাপত্তাকর্মীর সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। এছাড়া জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করার অভিযোগও আনা হয়েছে। এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।



























