ভারতকে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না: পাকিস্তান
- আপডেট সময় : ০৩:০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ভারতকে কোনোভাবেই পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্টভাবে বলেন, সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে পরিবর্তন, বাতিল বা স্থগিত করার কোনো সুযোগ কোনো পক্ষেরই নেই। ভারতের বর্তমান অবস্থানকে ‘আইন সম্পর্কে অজ্ঞতা এবং নৈতিকভাবে দেউলিয়াত্ব’ হিসেবে অভিহিত করেন তিনি।
তথ্যমন্ত্রী আরও বলেন, কোনো বিরোধ দেখা দিলেও উভয় পক্ষকে চুক্তির শর্ত ও বিধান মেনে চলতে হবে। ২০২৫ সালের আগস্টে কোর্ট অব আরবিট্রেশনের সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দাবি করেন, ওই রায় পাকিস্তানের অবস্থানকে বৈধতা দিয়েছে এবং একতরফা কোনো উদ্যোগের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করেছে। পাকিস্তান বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবিলা করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের আইনি ও কূটনৈতিক অবস্থান সম্পর্কে অবহিত করেছে বলেও তিনি জানান।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভাষণের প্রসঙ্গ টেনে তারার বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট করেছিলেন যে সিন্ধু নদীর পানি এই অঞ্চলের জীবনধারা এবং এর ওপর অধিকার কেড়ে নেয়ার যেকোনো চেষ্টা যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে গণ্য হবে। ভারত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের যে অভিযোগ করছে তাকে একটি অজুহাত হিসেবে অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান ১ লাখ মানুষের প্রাণ হারিয়েছে এবং ১৫০ বিলিয়ন ডলারের বেশি অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছে।
সিন্ধু পানি চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরির প্রচেষ্টাকে ‘অত্যন্ত নিন্দনীয়’ উল্লেখ করে তিনি বলেন, এর পেছনে কোনো আইনি, কূটনৈতিক কিংবা নৈতিক ভিত্তি নেই। পাকিস্তান এই চুক্তির মাধ্যমে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চায় এবং পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও তিনি জানান।























