পরমাণু কর্মসূচিতে অগ্রগতি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ট্রাম্পের
- আপডেট সময় : ০৭:৫৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ইরানের পারমাণবিক কর্মসূচিতে সুনির্দিষ্ট অগ্রগতি দেখা গেলে দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিদেশে জব্দ থাকা ইরানি অর্থ ফেরত দেওয়ার বিষয়েও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন তিনি। সোমবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ওই মার্কিন কর্মকর্তা উল্লেখ করেন, মধ্যস্থতাকারীদের সহায়তায় বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অত্যন্ত ‘ইতিবাচক ও গঠনমূলক’ আলোচনা চলছে। তবে তিনি এটিও স্পষ্ট করে দিয়েছেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের মনে যে উদ্বেগ রয়েছে, তার সম্পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত কোনো চুক্তি চূড়ান্ত রূপ পাবে না। এ বিষয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলুর পক্ষ থেকে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই কূটনৈতিক তৎপরতার খবর এমন এক সময়ে সামনে এলো, যার ঠিক আগেই গত শনিবার ইরানের একটি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে ওই প্রস্তাব দিয়েছিল ইরান। কিন্তু তেহরানের দেওয়া শর্তগুলোকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন ট্রাম্প।
তবে এর একদিন পরই, অর্থাৎ গত রোববার ট্রাম্প জানান যে চলতি সপ্তাহে ইরানের সঙ্গে আরও আলোচনা অনুষ্ঠিত হতে পারে। আগের আলোচনায় ইরানি কর্মকর্তারা নিজেদের অবস্থান নিয়ে কিছুটা ‘বাড়াবাড়ি করেছেন’ বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। নতুন করে শুরু হতে যাওয়া এই আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ করা অর্থ ফেরত দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় ওয়াশিংটন ও তেহরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমঝোতার একটি নতুন দুয়ার উন্মোচিত হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ২৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০০: ২১


























