আদাবরে বাড়ি দখলের চেষ্টা, অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর
- আপডেট সময় : ০২:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিং এলাকায় একটি আটতলা বাড়ি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটিতে হামলা চালায়। ভুক্তভোগীদের দাবি, দুর্বৃত্তরা রামদা, চাপাতি ও পিস্তল নিয়ে এসে বাড়ির মূল ফটক ভাঙচুরের চেষ্টা করে।
বাড়ির মালিক ব্যবসায়ী আমিনুর রহমানের ভাতিজা মনির হোসেন জানান, সকালে ১৫-২০ জন লোক এসে প্রথমে বাড়িটি পর্যবেক্ষণ করেন। এরপর চারজন মূল ফটকের সামনে অবস্থান নেন, যাদের মধ্যে দুজনের হাতে চাপাতি ও একজনের হাতে রামদা ছিল। এ সময় একটু দূরে পিস্তল হাতে একজন দাঁড়িয়ে পুরো হামলার নির্দেশনা দিচ্ছিলেন। দুর্বৃত্তরা গেট খোলার জন্য চিৎকার করে এবং বাড়ির বাসিন্দাদের বের হয়ে যাওয়ার হুমকি দেয়।
মনির হোসেন বলেন, গেট খুলতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা রামদা ও চাপাতি দিয়ে গেট কোপাতে শুরু করে। তারা সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করে। এমনকি ইটের টুকরা দিয়ে দ্বিতীয় তলার জানালার কাচও ভেঙে ফেলা হয়। মাত্র পাঁচ মিনিটের তাণ্ডব শেষে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সময় ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে খবর দেওয়া হলেও প্রায় তিন ঘণ্টা পর পৌনে ১০টার দিকে পুলিশ পৌঁছায় বলে অভিযোগ করেছেন মনির। এ ঘটনায় আদাবর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তারা জানেন না। মনির হোসেন জানান, তারা বর্তমানে চরম ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগেও বাড়িটি দখলের শিকার হয়েছিল বলে জানিয়েছেন মনির হোসেন। তিনি দাবি করেন, ২০২৪ সালের ১৭ আগস্ট খোরশেদ আলম নামে এক ব্যক্তি বাড়িটি দখল করে নিয়েছিলেন। পরে আদালতে মামলা হলে পিবিআই দীর্ঘ চার মাস তদন্ত করে অভিযোগপত্র দেয়। গত ১২ মার্চ তারা বাড়িটির দখল ফিরে পান। তবে অভিযোগপত্রে কী আছে তা তারা এখনো জানেন না। এর মধ্যেই নতুন করে এই হামলা চালানো হলো, যা নিয়ে তারা উদ্বিগ্ন।



























