রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রল বোমা হামলা
- আপডেট সময় : ০১:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

রাজশাহীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম আবদুল বারী (৪০), তিনি ওই এলাকার বদরুল সরকারের ছেলে। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এই নৃশংস ঘটনাটি ঘটে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আসে। মাদক সেবনের পর তারা টাকা ভাঙানোর উদ্দেশ্যে বারীর দোকানে যায়। এ সময় বারী টাকা ভাঙিয়ে দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, এই ঘটনার জেরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি সশস্ত দল দেশীয় অস্ত্র ও পেট্রল বোমা নিয়ে বারীর বাড়ির সামনে চড়াও হয়। হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ফেলে এবং পরে পেট্রল বোমা নিক্ষেপ করে দোকানে আগুন ধরিয়ে দেয়।
দোকানে আগুন জ্বলতে দেখে বারী ও তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। এ সময় ওত পেতে থাকা হামলাকারীরা বারীকে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে রবিবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এজাহার পাওয়ার পরপরই আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামবে পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৫৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৫৭





























