মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুর, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন
- আপডেট সময় : ০৩:২৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভয়াবহ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মুখোশ পরিহিত দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলা চালায়। লুটপাট শেষে তারা কেন্দ্রটিকে পুরোপুরি গুঁড়িয়ে দেয় এবং রাতের অন্ধকারে সেখানে একটি রহস্যজনক সাইনবোর্ড স্থাপন করে।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমীর ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী?’
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন যে, এই ধ্বংসযজ্ঞের পেছনে কারা রয়েছে তা এখন আর অস্পষ্ট নয়। তিনি আরও বলেন, ‘ক্ষমতার গরমের আঁচ এবার স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর পড়ল।’ জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগকে যারা নিশ্চিহ্ন করে দিচ্ছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে তিনি ইঙ্গিত দেন। বর্তমান সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংসের মতো ঘটনা ঘটছে বলে তিনি মন্তব্য করেন।



























