জীবননগরে অবৈধ সার মজুদ, ৪০৩ বস্তা ডিএপি জব্দ
- আপডেট সময় : ০৯:১৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর বাজারে অবৈধভাবে সরকারি সার মজুদ ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেলে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি মেসার্স শান্তনা এন্টারপ্রাইজে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। অভিযানে গুদাম তল্লাশি চালিয়ে মোট ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেসার্স শান্তনা এন্টারপ্রাইজের মালিক মো. আবুল কালাম আজাদের সার বিক্রির কোনো বৈধ লাইসেন্স ছিল না। লাইসেন্স না থাকা সত্ত্বেও তিনি কিটনাশক বিক্রির আড়ালে অবৈধভাবে সরকারি সার মজুদ ও বিক্রি করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতেই অভিযানটি চালানো হয়।
অভিযান পরিচালনায় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পাভেল রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি জানান, সরকারি সার নির্ধারিত নিয়মের বাইরে অবৈধভাবে মজুদ ও বিক্রির কোনো সুযোগ নেই। জব্দকৃত সারের বিষয়ে তিনি আরও জানান, এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া সরকারি সার অবৈধভাবে মজুদ, কালোবাজারি বা নিয়মবহির্ভূতভাবে বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জীবননগর বাজারে মেসার্স শান্তনা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।



























