জাতিসংঘে প্রথম ভাষণে ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়ে যা বললেন তারেক রহমান
- আপডেট সময় : ০৯:৪৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৪টা ১৮ মিনিটের দিকে তিনি বাংলায় এই ভাষণ প্রদান করেন। এর মাধ্যমে তিনি তার পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেওয়ার এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন। এর আগে ১৯৮০ সালে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ১৯৯৩ সালে তার মা তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন।
ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল শহীদ মুক্তিযোদ্ধা এবং জুলাই-আগস্ট ২০২৪-এ ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের সংগ্রামের পর বাংলাদেশ এখন ফ্যাসিবাদমুক্ত। চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তিনি বলেন, জনগণই রাজনৈতিক ক্ষমতার উৎস।
বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নিজের স্মৃতিকাতরতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার পিতা ও মাতা যেভাবে দেশ ও জনগণের স্বার্থে এই মঞ্চে দাঁড়িয়েছিলেন, তিনিও আজ একটি শান্তিময় বিশ্ব সমাজের প্রত্যাশায় এখানে উপস্থিত হয়েছেন। ৮১তম অধিবেশনের প্রতিপাদ্য ‘রিস্টোরিং ট্রাস্ট, ম্যানেজিং ট্রান্সফরমেশন: এ ইউনাইটেড নেশসনস দ্যাট ডেলিভারস ফর অল’-কে অত্যন্ত সময়োপযোগী বলে তিনি অভিহিত করেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ বহুপাক্ষিকতার নীতিতে অটল এবং পিসবিল্ডিং কমিশনের ভাইস-চেয়ার হিসেবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এর ফলে বাংলাদেশের সম্পদ, পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। তিনি পুনরায় স্পষ্ট করেন যে, রোহিঙ্গা সংকটের উৎস ও সমাধান মিয়ানমারেই নিহিত এবং বাস্তুচ্যুতদের নিরাপদে নিজ মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়াই এর একমাত্র উপায়। এছাড়া তিনি অভিবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী হিসেবে এটি জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ। এই ভাষণের মাধ্যমে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক নতুন ইতিহাস গড়লেন তারেক রহমান। এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারের প্রথম সদস্য জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন। তিনি ১৯৮০ সালের ২৬ আগস্ট সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছিলে
এর ১৩ বছর পর ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মা ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভাষণ দেন।


























