নবীনগরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন শারমিন সুলতানা
- আপডেট সময় : ০২:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন শারমিন সুলতানা। এর আগে তিনি কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসে একই পদে কর্মরত ছিলেন।
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি উখিয়া উপজেলায় যোগদানের পর গত ১৩ আগস্ট এক সরকারি আদেশে তাকে নবীনগরে বদলি করা হয়। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর উখিয়ার কর্মস্থল ত্যাগ করে ২২ সেপ্টেম্বর তিনি নবীনগরে নতুন পদে স্থলাভিষিক্ত হন। ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা। উখিয়ায় যোগদানের পূর্বে তিনি ২০২২ সালের ৪ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত খালিদ বিন মনসুর গত জুলাই মাসে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়ে খুলনা বিভাগে বদলি হলে পদটি শূন্য হয়। এতদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসিল্যান্ডের কাজ পরিচালনা করছিলেন।
নবীনগরে যোগদানের পর শারমিন সুলতানা তার কর্মপরিকল্পনা সম্পর্কে বলেন, ভূমি সংক্রান্ত সেবা প্রত্যাশীদের আবেদন দ্রুত নিষ্পত্তি করা এবং সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য থাকবে। তিনি আরও বলেন, সরকার ও ভূমি অফিসের ভাবমূর্তি সমুন্নত রেখে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় এবং স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতায় সততার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই, ইনশাআল্লাহ।




























