জাতিসংঘের ৮১তম অধিবেশনে বৈশ্বিক সংঘাত ও এআই নিয়ে বিশেষ আলোচনা
- আপডেট সময় : ০১:২৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

নিউইয়র্কে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ১৯৩টি সদস্যদেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এই সাধারণ বিতর্কে অংশ নিচ্ছেন। এবারের অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
অধিবেশনে ইরান, গাজা, ইউক্রেন, সুদান, কঙ্গো ও মিয়ানমারের চলমান সংঘাতের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া যুদ্ধের কারণে জ্বালানি ও পণ্য সরবরাহে বিঘ্ন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং এর দ্রুত বিকাশের প্রভাব নিয়েও বিশ্বনেতারা মতবিনিময় করবেন। নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে সদস্যরাষ্ট্রগুলো একটি বিস্তৃত প্যাকেজে সম্মত হলেও এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া আগামী ৩১ ডিসেম্বর বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শেষে তার উত্তরসূরি নির্বাচন নিয়েও কূটনৈতিক তৎপরতা চলছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও নিয়ন্ত্রণ নিয়ে এবারের অধিবেশনে বিশেষ জোর দেওয়া হচ্ছে। বুধবার নিরাপত্তা পরিষদ এআই নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক করবে। প্রযুক্তি খাতের নেতাদের সতর্কবার্তার বিপরীতে ট্রাম্প এআই উন্নয়ন অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। জলবায়ু সংকট মোকাবিলায় ২৩ সেপ্টেম্বর একটি বিশেষ জলবায়ু সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে আলোচনা হবে।
জাতিসংঘের আর্থিক সংকটও অধিবেশনের অন্যতম পটভূমি। যুক্তরাষ্ট্রের বকেয়া চাঁদা আংশিক পরিশোধের ফলে ভোটাধিকার হারানোর ঝুঁকি আপাতত কাটলেও, অর্থসংকটের কারণে শান্তিরক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমে কাটছাঁটের চাপ রয়েছে। মহাসচিব গুতেরেসের মতে, বর্তমান অনিশ্চয়তার সময়ে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেড়েছে।
অধিবেশনের বিভিন্ন দিনে বিশ্বনেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বক্তব্য দেবেন। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভাষণ দেবেন। ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবারের অধিবেশনে সশরীরে উপস্থিত থাকছেন না।
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৩৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪৪



























