মধ্যপ্রাচ্যের ১০ দেশে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি
- আপডেট সময় : ০২:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের ১০টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত আরও বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কার মুখে এই পদক্ষেপ নেওয়া হলো।
স্থানীয় সময় শনিবার রাতে জারি করা এই সতর্কবার্তার আওতায় রয়েছে ইসরাইল, লেবানন, জর্ডান, ইরাক, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান। বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিনিদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি উড়োজাহাজ চলাচল বাতিল, আকাশসীমা বন্ধ ও ভ্রমণসংক্রান্ত আকস্মিক বিঘ্ন ঘটার বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ভ্রমণে বিরত থাকার আহ্বান জানিয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে। এই সামরিক সংঘাত যেকোনো সময় মারাত্মক রূপ নিতে পারে। এছাড়া ইরান ও তাদের সমমনা গোষ্ঠীগুলো বিশ্বের যেকোনো প্রান্তে মার্কিন নাগরিক বা যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু বানাতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর ওপর হুথিদের আক্রমণ প্রতিহত করতে সৌদি আরব মিত্রদের সহায়তা চেয়েছে বলে খবর পাওয়া গেছে। এর ফলে ইয়েমেনে হুথিদের অবস্থান কিংবা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা চালানোর গুঞ্জন জোরালো হয়েছে। এর মধ্যেই মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর সাংবাদিক বারাক রাভিদ জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাম্প ডেভিডে তার ছুটি সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের এক দিন আগেই হোয়াইট হাউসে ফিরেছেন।
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ১২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৪১


























