বাকস্বাধীনতা চর্চায় সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার নিয়ে টিআইবির উদ্বেগ
- আপডেট সময় : ০২:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বাকস্বাধীনতা চর্চার কারণে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ও আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার ঢাকার টিআইবি কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিগত বছরের তুলনায় বর্তমানে মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত ৮৯ জনকে আটক করা হয়েছে, যার একটি বড় অংশই সন্ত্রাসবিরোধী আইনের আওতায়। তিনি বলেন, 'বাকস্বাধীনতার চর্চার কারণে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেয়া হচ্ছে; আটক করা হয়—এটি ২৪ পরবর্তী বাংলাদেশের কাছে প্রত্যাশিত ছিল না।'
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানুষের জীবনের নিরাপত্তা এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। তিনি উল্লেখ করেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ঘটনা ১,৭৩০টির বেশি ঘটেছে, যার মধ্যে ৫০৩টি ধর্ষণের ঘটনা এবং অন্তত ৫০ জনের মৃত্যুর তথ্য রয়েছে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে সরাসরি ৭ জনের মৃত্যু এবং অন্তত একটি গুমের ঘটনার সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্টতার বিষয়টি তাকে উদ্বিগ্ন করে তুলেছে। তিনি বলেন, পুলিশ এখনও পুরোপুরি তাদের অবস্থানে সঠিকভাবে দাঁড়াতে পারেনি।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, মানবাধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রকাঠামোকে জবাবদিহিমূলক করার জন্য যে ধরনের আইনের প্রয়োজন, তা বর্তমানে সব ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, 'অবস্থা আগের মতোই এবং যেটা বিশেষ করে ২৪ পরবর্তী বাংলাদেশে।'
আলোচনা সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনীষা চক্রবর্তী এবং চিকিৎসক ও তরুণ রাজনীতিবিদ ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।





























