খাল ও ড্রেন দূষণমুক্ত রাখতে নাগরিকদের দায়িত্ব নিতে হবে: ডিএসসিসি প্রশাসক
- আপডেট সময় : ০৪:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, ড্রেন ও খাল পরিষ্কার করার পর সেখানে আবার ময়লা ফেলা হলে কোনো সুফল পাওয়া যাবে না। খাল ও ড্রেন দখল এবং দূষণমুক্ত রাখার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, নাগরিকদেরও এ বিষয়ে দায়িত্ব নিতে হবে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কদমতলী থানাধীন ৬০ নম্বর ওয়ার্ডের জাপানি বাজার জিয়া সরণি খালের পাড় এলাকায় ডিএসসিসির উদ্যোগে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি এই অনুষ্ঠানে মাদক নির্মূল, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেন সংস্কার এবং স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, এলাকার যেকোনো সমস্যা সমাধানে সরকার ও প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খাল ও ড্রেন দখল-দূষণ বন্ধ করা, যত্রতত্র ময়লা না ফেলা, মাদক প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
তিনি জানান, ডিএসসিসির সঙ্গে নতুন করে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের মধ্যে ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানে ১৩০ কোটি টাকার একটি প্রকল্প সরকারের বিবেচনায় রয়েছে। প্রকল্পটি অনুমোদন লাভ করলে দ্রুত কাজ শুরু করা হবে। পাশাপাশি ড্রেনের দুই পাশে জায়গা রেখে পাড় তৈরি করে মানুষের চলাচলের ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি বলেন, এর ফলে ভবিষ্যতে ড্রেন দখলের আর কোনো সুযোগ থাকবে না।
অবৈধ দখল ছেড়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে খাল ও ড্রেনের জায়গায় নতুন করে কোনো অবৈধ দোকানপাট না করার জন্য ডিএসসিসি প্রশাসক সকলের প্রতি আহ্বান জানান।
মাদক প্রতিরোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে আবদুস সালাম বলেন, এ কাজে পুলিশ ও প্রশাসনকে নাগরিকদের সক্রিয়ভাবে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে কোথাও যেন পানি জমে না থাকে, তা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু ব্যাপকভাবে গাছ লাগালেই হবে না, বরং রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন প্রশাসক। তিনি আরও বলেন, শুধু সিটি করপোরেশনের একার উদ্যোগে নগরীর সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। নাগরিকরা দায়িত্বশীলভাবে এগিয়ে এলে অনেক সমস্যাই ধীরে ধীরে সমাধান করা সম্ভব হবে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের (সংরক্ষিত মহিলা আসন) সংসদ সদস্য শিরিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।





























