উচ্চশিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিচ্ছে সরকার
- আপডেট সময় : ১০:১৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সরকার আন্তর্জাতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন। শনিবার ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অক্সফোর্ড একিউএ আয়োজিত ‘অক্সফোর্ড একিউএ লিডারশিপ কনফারেন্সে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ড. মামুন বলেন, উচ্চশিক্ষার মান বাড়াতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একইসঙ্গে আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে কাজের সুযোগ দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। তিনি উল্লেখ করেন, যৌথ ও দ্বৈত ডিগ্রি কর্মসূচি মেধাপাচার রোধে কার্যকরী ভূমিকা রাখতে পারে এবং এর মাধ্যমে বিদেশে অবস্থানরত মেধাবীদের দেশে ফেরার সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর ওপর জোর দেন ইউজিসির এই সদস্য। তিনি প্রতিবেশী দেশগুলোর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে আকৃষ্ট করার উদ্যোগ নেওয়ার কথাও জানান।
উচ্চশিক্ষার প্রস্তুতির বিষয়ে ড. মামুন বলেন, কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, স্বাধীনভাবে শেখা, গবেষণা এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে। উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রের চাহিদার মধ্যে সমন্বয় সাধনের জন্য স্কুল, বোর্ড, বিশ্ববিদ্যালয় এবং নিয়োগদাতাদের মধ্যে যোগাযোগ জোরদারের পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে ইংলিশ মিডিয়ামসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন পর্যায়ের মধ্যে সমন্বয় থাকা জরুরি। এছাড়া সরকারের উদ্ভাবন ও স্টার্টআপ কর্মসূচিতে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের যুক্ত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল বক্তা ছিলেন অক্সফোর্ড একিউএর সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা ও মেরিডিয়ান ট্রাস্টের ট্রাস্টি মার্ক বেডলো। এছাড়া ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ এবং অক্সফোর্ড এ কিউএর হেড অব কোয়ালিফিকেশনস জেনিফার ডাগান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।





























