বিশ্ব দূরপাল্লা সাঁতারে স্বর্ণসহ বাংলাদেশের ৪ পদক জয়
- আপডেট সময় : ০৩:০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ভারতের মুর্শিদাবাদে আয়োজিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে স্বর্ণপদকসহ মোট চারটি পদক জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সাফল্যের তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিযোগিতার ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহমেদ স্বর্ণপদক জয় করেছেন। একই দূরত্বে অনুষ্ঠিত মহিলা ইভেন্টে রৌপ্যপদক অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সোনিয়া আক্তার। এছাড়া ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী এবং একই ইভেন্টে ব্রোঞ্জপদক পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম।
মুর্শিদাবাদে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তিনটি আলাদা ইভেন্ট ছিল—১৯ কিলোমিটার পুরুষ, ১৯ কিলোমিটার মহিলা এবং ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্ট। আয়োজকদের তথ্য অনুযায়ী, ৮১ কিলোমিটার ইভেন্টে ২৮ জন, ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে ৩৬ জন এবং ১৯ কিলোমিটার মহিলা ইভেন্টে ১৫ জন সাঁতারু প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশ থেকে মোট ৯ জন সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে ৬ জন ১৯ কিলোমিটার এবং ৩ জন ৮১ কিলোমিটার ইভেন্টে লড়েছেন।
বাংলাদেশ সাঁতার ফেডারেশন জানিয়েছে, আন্তর্জাতিক দূরপাল্লার সাঁতারের আঙিনায় এই সাফল্য বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করল। বিশেষ করে ৮১ কিলোমিটারের মতো দীর্ঘ ও চ্যালেঞ্জিং ইভেন্টে দুটি পদক অর্জন বাংলাদেশের সাঁতারের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। ফেডারেশন পদকজয়ীসহ অংশগ্রহণকারী সকল সাঁতারু, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছে।




























