এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে জাপানের পথে বাংলাদেশ নারী ফুটবল দল
- আপডেট সময় : ১২:২১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

এশিয়ান গেমসে অংশগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি নিতে জাপানের উদ্দেশে যাত্রা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে চীনের গুয়াংজুতে কন্ডিশনিং ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন আফঈদা খন্দকার, মনিকা চাকমারা। গুয়াংজুর এই ক্যাম্প শেষে কোচ পিটার বাটলারের শিষ্যরা এখন জাপানে অবস্থান করে গেমসের জন্য তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করবেন।
এশিয়ান গেমসে এটি বাংলাদেশ নারী ফুটবল দলের দ্বিতীয় অংশগ্রহণ। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে প্রথমবারের মতো লাল-সবুজের প্রতিনিধিরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সাম্প্রতিক সময়ের অভিজ্ঞতা ও সাফল্যকে পুঁজি করে এবার আরও ভালো ফলাফল করার প্রত্যাশা করছে দলটি।
প্রতিযোগিতায় বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ঋতুপর্ণা ও তহুরাদের। ‘এফ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে এশিয়ার দুই পরাশক্তি দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া এবং মিয়ানমার। ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় এবং জাপান সময় বিকেল ৪টায় শুরু হবে।
গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৭ সেপ্টেম্বর, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। এরপর ২১ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুটি ম্যাচও নাগাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় এবং জাপান সময় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী দুই কোরিয়ার বিপক্ষে লড়াইয়ের পাশাপাশি মিয়ানমারের বিপক্ষে পয়েন্ট অর্জন করাই হবে দলের প্রধান লক্ষ্য। কারণ গ্রুপের সেরা দলগুলোই পরবর্তী নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।
উল্লেখ্য, জাপানের নাগোয়া ও আইচি শহরে অনুষ্ঠিতব্য এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ মোট ২২টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে আরচারি, অ্যাথলেটিকস, বক্সিং, ব্যাডমিন্টন, ক্রিকেট, সাইক্লিং, ফুটবল (নারী), ফেন্সিং, জিমন্যাস্টিকস, গলফ, হকি (পুরুষ ও নারী), জুডো, কাবাডি (পুরুষ ও নারী), কারাতে, শ্যুটিং, সার্ফিং, সুইমিং, টেবিল টেনিস, বিচ ভলিবল, ভারোত্তোলন, কুস্তি ও উশু।





























